ব্যবসা শুরু সহজ করতে ১৪ দিনের লক্ষ্য নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:২০ পিএম

ব্যবসা শুরুর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমিয়ে একটি ব্যবসা শুরু করতে সময়সীমা ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ শীর্ষক ডিব্রিফিং সেশনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে একটি কোম্পানি শুরু করতে যেখানে প্রায় এক বছর সময় লাগত, সেখানে প্রক্রিয়াগত সংস্কারের মাধ্যমে তা ১৪ দিনের মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আদর্শ পরিস্থিতিতে ১৫তম দিনের মধ্যেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ ঋণ ১০ লাখ কোটি টাকা ছাড়াল, চাপে ব্যাংক খাত

তিনি আরও বলেন, এলডিসি উত্তরণকে শুধু সময় বাড়ানোর বিষয় হিসেবে না দেখে এটি প্রস্তুতির একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন বহুমুখীকরণ এবং অর্থনৈতিক প্রতিযোগিতা শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে টেকসই উন্নয়ন, শ্রম অধিকার, স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারও এই রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে।

তিনি আরও জানান, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে সরকারি-বেসরকারি খাত ও উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন, বিডা, জাতিসংঘ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft