প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৪৪ পিএম

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট তরুণ সমাজসেবক, এমবিএস বিল্ডার্সের স্বত্বাধিকারী এবং ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শী এলাকার কৃতি সন্তান মোঃ সোহেল আহমদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে ব্যতিক্রমী গণসংবর্ধনা লাভ করেছেন।
সোমবার (২২ জুন) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেইটে তাকে বরণ করে নিতে বৃহত্তর কুর্শী এলাকার মুরব্বিয়ান, যুবসমাজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত হন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে অবদান রাখা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের জন্য বক্তারা সোহেল আহমদের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, সোহেল আহমদ শুধু একজন সফল প্রবাসী ব্যবসায়ী নন, তিনি বৃহত্তর কুর্শী এলাকার মানুষের আস্থার প্রতীক। মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান অনুকরণীয়।
সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিন পর স্বদেশে ফিরে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সোহেল আহমদ। তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। বৃহত্তর কুর্শী এলাকার উন্নয়ন, শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে আমি সর্বদা কাজ করে যাব। তার বক্তব্যে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন জানান।
স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার কারণে সোহেল আহমদ আজ সকলের কাছে একজন জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
জ/উ