প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:১০ পিএম

সমুদ্র ও নৌপথের সম্ভাবনাগুলো চিহ্নিত করে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশের আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২২ জুন) সকালে রাজধানীর খিলখেতে বানৌজায় নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সমুদ্র খাতে সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। আন্তর্জাতিক আদালতের রায়ে সমুদ্রসীমা অর্জিত হলেও অতীতের সীমিত উদ্যোগের কারণে সমুদ্রসম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সমুদ্রের জ্বালানি ও খনিজসম্পদ নিশ্চিত সম্ভাবনার ক্ষেত্র হলেও সঠিক অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে তা কাজে লাগাতে হবে। সরকার এখন অফশোর এলাকায় কূপ অনুসন্ধান, জ্বালানি ও খনিজসম্পদ শনাক্তকরণ এবং উত্তোলনে গুরুত্ব দিচ্ছে।
নৌমন্ত্রী জানান, বাংলাদেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিকভাবে ব্যবহার করা গেলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌ যোগাযোগ আরও নিরাপদ, সাশ্রয়ী ও কার্যকর হবে। হাইড্রোগ্রাফি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই এই বন্দরকেন্দ্রিক। তাই নেভিগেশন ও জাহাজ চলাচল নিরাপদ ও আধুনিক করতে সরকার কাজ করছে। আন্তর্জাতিক মানে পৌঁছাতে আরও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জ/উ