২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২৯ পিএম

বাংলাদেশ ও মালয়েশিয়া ২০২৭ সালের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা এবং ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে প্রকাশিত বাংলাদেশ ও মালয়েশিয়ার ৩৩ দফা যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। এতে বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের অগ্রগতিকেও স্বাগত জানানো হয়, যা বেসরকারি খাতের সহযোগিতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

দুই দেশের নেতারা নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ চালু রাখার গুরুত্ব তুলে ধরেন এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত যৌথ কমিশন বৈঠক (জেসিএম) ও দ্বিপাক্ষিক আলোচনা (বিসি) পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হন।

যৌথ বিবৃতিতে ডিজিটাল অর্থনীতি ও উদীয়মান প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল গভর্ন্যান্স খাতে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মালয়েশিয়ার বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তি পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। এছাড়া সেমিকন্ডাক্টর শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ কাঠামো গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরে যান এবং সফর শেষে চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। আগামী ২৬ জুন চীন সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft