প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৫৫ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যা দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারও জরুরি।
তিনি বলেন, শিক্ষা খাতে সরকারের বরাদ্দ ও বিনিয়োগকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১০৪ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এর মধ্যে কলা অনুষদ থেকে ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ থেকে ২৯ জন, আইন অনুষদ থেকে ৩ জন এবং চারুকলা অনুষদ থেকে ৩ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও অর্জনের স্বীকৃতি হিসেবে এ ধরনের উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন।
জ/দি