প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ : ববি হাজ্জাজ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:১৬ পিএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সাঁতারকুলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ম্যাথ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে ও বাস্তবভিত্তিক উপায়ে গণিত শেখার সুযোগ পাবে। এতে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং গণিতভীতি দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।


ববি হাজ্জাজ আরও বলেন, সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যতমুখী শিক্ষাভিশনের আলোকে এমন একটি প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও দক্ষতা বিকাশের পূর্ণ সুযোগ পাবে। ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক তৈরির ক্ষেত্রে ম্যাথ ল্যাব একটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, এ উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশেও সহায়তা করবে।

সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার এ উদ্যোগ প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি করবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft