প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১৮ পিএম

শিক্ষা খাতে ইতিহাসের অন্যতম বড় বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারের মতে, দক্ষ মানবসম্পদ গঠন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করাই শিক্ষা খাতে এ বড় বিনিয়োগের মূল লক্ষ্য।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি মানবসম্পদ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে উচ্চ বাজেট ঘাটতি ও ঋণনির্ভর অর্থায়ন কাঠামো স্বল্পমেয়াদে অর্থনৈতিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে।
সব মিলিয়ে এবারের বাজেটকে উন্নয়ন ও সামাজিক খাতে বিনিয়োগ বাড়ানোর একটি উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ হিসেবে দেখা হলেও, এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে আলোচনাও তৈরি হয়েছে।
জ/দি