
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছেন, মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আড়পাড়া নাগরিক সমাজের উদ্যোগে সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালিব বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক নির্মূলে প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা তাদের সহযোগীদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকসংক্রান্ত বিষয়ে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও যুবসমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান ও হাফিজুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
জ/উ