প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৩৬ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আউটফিল্ড খেলোয়াড় হিসেবে মাঠে নামা ৪১ বছর বয়সী রোনালদো ম্যাচে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি। পুরো ম্যাচে তুলনামূলক কম বল স্পর্শ করা এবং গোলের সুযোগ তৈরি করতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজ। দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরুর দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোনালদোর প্রতি দলের পূর্ণ আস্থা রয়েছে এবং বড় টুর্নামেন্টে এমন চাপ সামলাতে তিনি অভ্যস্ত।
দিয়াজ বলেন, ‘ক্লাব ফুটবল, জাতীয় দল কিংবা বড় আন্তর্জাতিক আসরে ক্রিশ্চিয়ানো বহু বছর ধরে খেলছেন। প্রতিটি ম্যাচে নিখুঁত পারফরম্যান্স করা সবসময় সম্ভব হয় না। এটি ফুটবলেরই অংশ।’
ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার আরও বলেন, দলগত পারফরম্যান্সের দায় সবাইকে নিতে হয়। কোনো একজন খেলোয়াড়কে আলাদা করে দায়ী করা ঠিক নয়।
তিনি জানান, দলের খেলোয়াড়রা বাইরের সমালোচনার চেয়ে নিজেদের প্রস্তুতি ও পারফরম্যান্সের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। গ্রুপ ‘কে’-তে থাকা পর্তুগাল আগামী ২৩ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করবে গ্রুপপর্বের অভিযান।
জ/উ