
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভৌগোলিক ও জনমিতিক অবস্থানের কারণে এ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাও অনেক বেশি।
তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার একটি আধুনিক ও বহুমাত্রিক মডেল হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। স্বাস্থ্যবিজ্ঞান, নার্সিং, মেডিকেল শিক্ষা ও অন্যান্য বিশেষায়িত ইনস্টিটিউট যুক্ত করে বিশ্ববিদ্যালয়টিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু চাকরিমুখী চিন্তায় সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জহির রায়হান মিলনায়তনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্রুত চালুর আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান নবীন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউট পরিচালকদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি গবেষণা, মুক্তচিন্তা, সংস্কৃতি ও আত্ম-উন্নয়নের ক্ষেত্র। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
জ/উ