২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:১৮ পিএম

দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এবার ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আগামীতে এই সংখ্যা ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, “এবার প্রাথমিক গোল্ড কাপ ফুটবলে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। সরকারের লক্ষ্য আগামীতে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীকে এই কার্যক্রমে যুক্ত করা।”

তিনি জানান, চলতি মৌসুমে প্রায় ৬৫ হাজার ৩৪২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাপে ধাপে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে পৌঁছেছে।

আগামী ২০ জুন জাতীয় আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : নবম পে স্কেল বাস্তবায়নে সচিব কমিটির বৈঠক, জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে স্পোর্টস ও কালচার নামে নতুন দুটি বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস ফোরে এসব বিষয় যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, শৃঙ্খলা ও যোগাযোগ দক্ষতা বাড়ে।

এ ছাড়া ক্লাস সিক্স থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্টার্টআপ, সায়েন্স ও ইনোভেশন প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা নৈতিকতা, মূল্যবোধ ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft