নবম পে স্কেল বাস্তবায়নে সচিব কমিটির বৈঠক, জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি আরও একধাপ এগিয়েছে। এ লক্ষ্যে গঠিত পুনর্গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো-সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করতে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ ধারাবাহিকতায় পরবর্তী বৈঠক আগামী ২৪ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি, বিধি সংশোধন এবং অন্যান্য প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। ফলে বর্ধিত বেতনের অর্থ কর্মকর্তা-কর্মচারীরা অক্টোবরের মধ্যে হাতে পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার

এর আগে গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। এরপর থেকেই বাস্তবায়ন-সংক্রান্ত প্রস্তুতি জোরদার করা হয়েছে।

নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিচার বিভাগীয় কর্মচারী এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।

বিশেষ সুবিধা মূল বেতনের সঙ্গে সমন্বয়

বর্তমানে মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় সরকারি চাকরিজীবীরা ১০ থেকে ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা বা ইনসেনটিভ পাচ্ছেন। নতুন পে স্কেল কার্যকর হলে এ সুবিধা আলাদাভাবে বহাল থাকবে না; বরং তা মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।

বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাচ্ছেন। নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও বিশেষ সুবিধা সমন্বয়ের কারণে প্রকৃত বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম হবে।

আরও পড়ুন : জনগণ থেকে সরকার প্রধানকে দূরে না রাখার আহ্বান

সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের কার্যকর বেতন বৃদ্ধি প্রায় ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন অস্থায়ী সুবিধা মূল বেতনের সঙ্গে যুক্ত হলে পেনশন, গ্র্যাচুইটি এবং অবসর-পরবর্তী অন্যান্য আর্থিক সুবিধার পরিমাণও বৃদ্ধি পাবে।

বাজেটে বড় বরাদ্দ

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য মোট ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫১৫ কোটি টাকা।

আরও পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ : ববি হাজ্জাজ

এর মধ্যে কর্মকর্তাদের বেতনের জন্য ১৪ হাজার ৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৭০৬ কোটি টাকা এবং বিভিন্ন ভাতার জন্য ৪৫ হাজার ১২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বৃদ্ধি করে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এ অতিরিক্ত বরাদ্দের একটি বড় অংশ নবম পে স্কেলের বাস্তবায়ন ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কর্মপ্রেরণা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft