
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডা. জুবাইদা রহমান আপন মেধা, মনন ও কর্মের মাধ্যমে নিজেকে একজন মহীয়সী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও রাষ্ট্র নির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান ব্যক্তিগত জীবনে আড়ম্বরপূর্ণ জন্মদিন উদযাপন বা জাঁকজমকপূর্ণ আয়োজনের পক্ষপাতী নন। এবারের জন্মদিনেও তার সেই ব্যক্তিত্ব ও মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। তিনি সবসময় মেধাবী প্রজন্ম গড়ে তোলা, শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিয়ে আসছেন।
জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মধ্যে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে ড. আব্দুল মঈন খান অতিথিদের সঙ্গে নিয়ে কলেজ মাঠে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন চৌধুরী এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান।
এছাড়া যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
জ/দি