প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩১ পিএম

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন, শিগগিরই তিনি ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে পারেন।
সূত্রগুলোর দাবি, নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাদা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে সানিয়াকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফরাহ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ।
সানিয়া মির্জা ও ফরাহ খানের দীর্ঘদিনের বন্ধুত্বও এ গুঞ্জনকে আরও জোরালো করেছে। ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা বহুবার আলোচনায় এসেছে। ফলে ফরাহর নতুন শোয়ে সানিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ভক্তদের আগ্রহও বেড়েছে।
তবে এখন পর্যন্ত অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান কিংবা সানিয়া মির্জার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
এদিকে ওটিটি দুনিয়ায় নতুন আরেকটি রিয়্যালিটি শো ‘অ্যালিয়েন্স’ নিয়েও আলোচনা চলছে। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড অভিনেতা কুণাল খেমুকে।
বিনোদন বিশ্লেষকদের মতে, ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় ক্রীড়া ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের অংশগ্রহণ দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। ফলে নতুন রিয়্যালিটি শোগুলো নিয়ে দর্শকমহলে আগাম উচ্ছ্বাস তৈরি হচ্ছে।
সানিয়া মির্জা যদি সত্যিই ‘লক আপ: সাচ ইয়া সাদা’-তে অংশ নেন, তাহলে টেনিস কোর্টের সাফল্যের পর বিনোদন অঙ্গনেও তার নতুন যাত্রা শুরু হবে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
জ/উ