প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও ও ভুয়া ডিজিটাল কনটেন্টের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এ সংক্রান্ত মামলা দায়েরের জন্য বোম্বে হাইকোর্টের অনুমতি পেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের অনুমতির ফলে গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মসসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বোম্বে হাইকোর্ট এ অনুমতি প্রদান করে।
আবেদনে প্রীতি জিনতা অভিযোগ করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং চ্যাটবটনির্ভর ভুয়া কনটেন্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব কনটেন্ট তার ব্যক্তিত্বের অধিকার, কপিরাইট এবং পেশাগত সুনামের ক্ষতি করছে বলে দাবি করা হয়েছে।
আদালতে তার পক্ষে আইনজীবী রোহান কদম বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা এসব কনটেন্ট অভিনেত্রীর ব্যক্তিগত মর্যাদা ও জনসম্মুখে প্রতিষ্ঠিত ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত মামলা দায়েরের আবেদন গ্রহণ করে।
ডিপফেক ও ভুয়া ডিজিটাল কনটেন্ট নিয়ে উদ্বেগের মধ্যে প্রীতি জিনতার এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে জনপরিচিত ব্যক্তিদের ছবি, ভিডিও ও কণ্ঠস্বর ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির ঘটনা বেড়েছে।
এটি অবশ্য বলিউডে প্রথম এমন উদ্যোগ নয়। গত দুই বছরে কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলে এবং গায়ক অরিজিৎ সিংসহ বেশ কয়েকজন তারকাও একই ধরনের সুরক্ষা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।
আইনজীবীরা আদালতকে জানান, সংশ্লিষ্ট কনটেন্ট শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও তা ছড়িয়ে পড়েছে। ফলে বিষয়টি মোকাবিলা ও নিয়ন্ত্রণ করা আরও জটিল হয়ে উঠেছে।
প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ব্যক্তিগত অধিকার সুরক্ষায় এ ধরনের আইনি উদ্যোগ ভবিষ্যতে আরও গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ/উ