
ইউরোপের দেশ রোমানিয়ায় কর্মসংস্থানের সুযোগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের জন্য দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের নাগরিকদের দেওয়া মোট ওয়ার্ক পারমিটের মধ্যে ৮ হাজার ৩১৯টি পেয়েছেন বাংলাদেশিরা।
রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) প্রবাসী অধিকারবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস-কে দেওয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের মোট ৮২ হাজার ১৮০টি কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট দিয়েছে রোমানিয়া। এর মধ্যে সর্বোচ্চ ৪৫ হাজার ৪৯৬টি ওয়ার্ক পারমিট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নেপাল।
দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার নাগরিকরা পেয়েছেন ১৩ হাজার ৬৯৩টি ওয়ার্ক পারমিট। ৮ হাজার ৩১৯টি পারমিট নিয়ে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। এরপর ভারত ৮ হাজার ৮২টি এবং পাকিস্তান ৬ হাজার ৫৯০টি ওয়ার্ক পারমিট পেয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।
আইজিআই জানিয়েছে, প্রকাশিত এ পরিসংখ্যানে এমন অনেক আবেদনকারীও অন্তর্ভুক্ত রয়েছেন, যারা পূর্ববর্তী বছরে আবেদন করে চলতি বছরে কাজের অনুমোদন পেয়েছেন।
এদিকে, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, রোমানিয়ায় বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করছেন ৮ হাজার ৬৩৫ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৭ হাজার ৮৯৫ জনই কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে গেছেন।
এ ছাড়া বাংলাদেশিদের মধ্যে ৫০০ জন শিক্ষার্থী হিসেবে, ১৬৫ জন পারিবারিক পুনর্মিলন কর্মসূচির আওতায় এবং ৬০ জন স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে রোমানিয়ায় অবস্থান করছেন। পাশাপাশি আন্তর্জাতিক সুরক্ষা কর্মসূচির আওতায় অল্পসংখ্যক বাংলাদেশিও সেখানে রয়েছেন।
রোমানিয়ায় নিয়মিত বসবাসকারী দক্ষিণ এশীয় নাগরিকদের সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে নেপাল। বর্তমানে দেশটিতে ৫৭ হাজার ৩৩০ জন নেপালি নাগরিক বসবাস করছেন। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা, যাদের সংখ্যা ২৭ হাজার ৩৮০ জন। এরপর ভারতীয় নাগরিকের সংখ্যা ১৪ হাজার ৬১০, বাংলাদেশি ৮ হাজার ৬৩৫ এবং পাকিস্তানি ৫ হাজার ২৬৫ জন।
সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের জন্য রোমানিয়ায় যাওয়ার প্রধান পথ এখনো কর্মসংস্থানভিত্তিক অভিবাসন। উচ্চশিক্ষা, পারিবারিক পুনর্মিলন কিংবা স্থায়ী আবাসনের তুলনায় কাজের সুযোগকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি মানুষ দেশটিতে পাড়ি জমাচ্ছেন।
উল্লেখ্য, রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) দেশটির অভিবাসন, বিদেশি নাগরিকদের একীভূতকরণ এবং আশ্রয়-সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তবে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব রোমানিয়ান বর্ডার পুলিশের অধীনে পরিচালিত হয়।
জ/উ