পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে-হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৫৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত এলাকায় বসবাসরত বহু মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) যথাযথ যাচাই ছাড়া প্রবেশে বাধা দেওয়ায় অনেকেই সীমান্তের ‘জিরো লাইনে’ আটকে পড়ছেন।
প্রতিবেদনে বিজিবির বরাত দিয়ে বলা হয়, চলতি বছরের ১ জুন থেকে এখন পর্যন্ত বিএসএফের অন্তত ২১টি ‘পুশইন’ প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ ২০০ জনেরও বেশি মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের কার্যক্রম মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তিনি নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে সমন্বয়ের আহ্বান জানান।
প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থাটি কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে, যারা অভিযোগ করেছেন-রাতে বিএসএফ কিছু মানুষকে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে কাঁটাতারের কাছ দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করেছে। কয়েকটি ঘটনায় বিজিবির বাধার মুখে এসব ব্যক্তিকে পরে আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় কয়েকটি ঘটনায় দীর্ঘ সময় ধরে নারী ও শিশুসহ মানুষ সীমান্তের জিরো লাইনে অবস্থান করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
প্রতিবেদনে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়, এসব প্রক্রিয়ার কারণে অনেক মানুষ গ্রেফতার ও আটকের ঝুঁকিতে রয়েছেন। তবে ভারতের বিভিন্ন রাজ্য সরকার অবৈধ অনুপ্রবেশ রোধে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নিচ্ছে বলে বিভিন্ন সময় দাবি করেছে।
অন্যদিকে বাংলাদেশ সরকার আগেই জানিয়েছে, যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া কোনো ব্যক্তিকে সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর বিষয়টি গ্রহণযোগ্য নয়।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নাগরিকত্ব বা অভিবাসন–সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে স্বচ্ছ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। সীমান্তে মানবিক সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি।
জ/উ