শিবির নেতা জিসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনের তথ্য পুলিশের
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:০৮ এএম

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের ঘটনায় আলোচিত ছাত্রশিবির নেতা জিসান প্রধানের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তিনি অপহরণের শিকার হননি, বরং স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাতে জেলার লাকসাম এলাকা থেকে জিসান প্রধানকে উদ্ধার করা হয়। এর আগে তিনি দাবি করেছিলেন, তাকে গাড়িযোগে অপহরণ করা হয়েছিল। তবে তদন্তে ভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুমিল্লা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক নারীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর ওই নারীকে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে ভ্রূণ নষ্ট করার ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে জিসান প্রধান আত্মগোপনে যান। এ সময় তার নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

ঘটনার পর শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় জিসান প্রধানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তে অপহরণের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের জেরে তিনি আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। মামলার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft