
একসময় ফুটবল ও ফ্যাশনের সম্পর্ক ছিল অনুপ্রেরণার। এখন সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল শুধু ফ্যাশনকে প্রভাবিতই করছে না, বরং বিশ্ব ফ্যাশন শিল্পের নতুন দিকনির্দেশনাও নির্ধারণ করছে।
বর্তমানে লাক্সারি ফ্যাশন হাউস, স্ট্রিটওয়্যার ব্র্যান্ড এবং আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠানগুলো তাদের নকশা, বিপণন কৌশল ও ব্র্যান্ড পরিচয়ে ফুটবলকে কেন্দ্রীয় উপাদান হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে ফুটবল জার্সি এখন আর শুধুই মাঠের পোশাক নয়; এটি বৈশ্বিক ফ্যাশনের অন্যতম জনপ্রিয় অনুষঙ্গে পরিণত হয়েছে।
বিশ্বকাপ উপলক্ষে নাইকি ব্রাজিল, ফ্রান্স ও নাইজেরিয়ার নতুন জার্সিতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি নান্দনিক ডিজাইনকে গুরুত্ব দিয়েছে, যাতে সেগুলো মাঠের বাইরেও ফ্যাশন সচেতনদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
অন্যদিকে, স্পেন জাতীয় দলের অফিশিয়াল ওয়ার্ডরোব পার্টনার হয়েছে খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ড লোয়েভে (Loewe)। একইভাবে, ফিফার আনুষ্ঠানিক পোশাক সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ইতালিয়ান ব্র্যান্ড বোগি মিলানো (Boggi Milano), যা ফুটবলের সঙ্গে ক্লাসিক ফ্যাশনের সংযোগকে আরও দৃঢ় করেছে।
ফ্যাশন ও ফুটবলের এই মেলবন্ধনকে নতুন মাত্রা দিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের যৌথ উদ্যোগ। ফরাসি জাতীয় দলের জন্য জ্যাকমুস (Jacquemus) ও নাইকির সহযোগিতায় তৈরি পোশাক ও ফুটবল বুট ইতোমধ্যেই আলোচনায় এসেছে। খেলাধুলার উপকরণকে ফ্যাশন স্টেটমেন্টে রূপ দেওয়ার এই প্রবণতা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে।
সাধারণ ভোক্তাদের কাছেও ফুটবলভিত্তিক ফ্যাশন দ্রুত পৌঁছে যাচ্ছে। গ্যাপ (Gap) বিশ্বকাপ-অনুপ্রাণিত বিশেষ কালেকশন বাজারে এনেছে। আর্বান আউটফিটার্সের মতো প্রতিষ্ঠান ফুটবলের অনুষঙ্গকে দৈনন্দিন পোশাকের অংশ হিসেবে তুলে ধরছে।
স্ট্রিটওয়্যার জগতেও ফুটবলের প্রভাব স্পষ্ট। অ্যাডিডাস ও কিথ (Kith)-এর যৌথ সংগ্রহ, লিওনেল মেসিকে ঘিরে বিশেষ সংস্করণ এবং ফুটবল সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি বিভিন্ন ফ্যাশন পণ্য তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ফুটবলের এই নতুন পরিচয়ের অন্যতম মুখ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার মাধ্যমে ফুটবল জার্সি এখন কেবল খেলার পোশাক নয়, বরং ব্যক্তিত্ব ও পরিচয়ের প্রতীক হিসেবেও উপস্থাপিত হচ্ছে।
স্টেডিয়ামের বাইরেও এই ধারা ছড়িয়ে দিতে ভূমিকা রাখছেন জনপ্রিয় শিল্পী, কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরা। সম্প্রতি মার্কিন গায়িকা অলিভিয়া রদ্রিগোকে বার্সেলোনার জার্সি পরিহিত অবস্থায় দেখা যাওয়ায় ফুটবল ফ্যাশন নতুন করে আলোচনায় আসে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিও এখন ফুটবলভিত্তিক ফ্যাশনে প্রতিফলিত হচ্ছে। হংকংভিত্তিক ব্র্যান্ড ক্লট (Clot) ও অ্যাডিডাস অরিজিনালসের ‘মুন্ডিয়াল কালেকশন’ এশীয় স্ট্রিটওয়্যারের সঙ্গে ফুটবলের ঐতিহ্যের সমন্বয় ঘটিয়েছে। একইভাবে ডিজাইনার প্রিয়া আহলুওয়ালিয়া পুমার সঙ্গে যৌথভাবে ভারতীয় ও নাইজেরীয় সাংস্কৃতিক উপাদান ফুটবল পোশাকের নকশায় তুলে ধরেছেন।
বিশ্লেষকদের মতে, ফুটবলভিত্তিক ফ্যাশন এখন আর সাময়িক কোনো ট্রেন্ড নয়। এটি ক্রীড়া, সংস্কৃতি, প্রযুক্তি ও বৈশ্বিক ফ্যাশনের সমন্বয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী শিল্পধারায় পরিণত হয়েছে। ফলে ফুটবল আজ শুধু মাঠের খেলা নয়, বরং বিশ্ব ফ্যাশনের অন্যতম চালিকাশক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছে।
জ/উ