ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:০০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়। দীর্ঘদিন ধরেই সংগঠনটি সর্বস্তরের নগরবাসীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, উত্তরায় জামায়াতের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় চিকিৎসাসেবা সহজীকরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

সেলিম উদ্দিন জানান, চিকিৎসাসেবা সহজ করতে জামায়াত অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি জরুরি কলের মাধ্যমে রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না।

এ সময় চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন— ডা. জিহাদ খান ও হাসান বান্নাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও উপস্থিত ছিলেন— জামায়াত উত্তরা-পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা-পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমির আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমির ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান এবং মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft