প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:১২ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে চারজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দিয়েছেন।
গতকাল শুক্রবার (৫ জুন) ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। পরে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মী এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
দলটির দাবি, বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের দুই শতাধিক নেতাকর্মী এদিন এনসিপিতে যোগ দেন। তাদের যোগদান নতুন রাজনৈতিক ধারার প্রতি আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে যোগদানকারী চার বীর মুক্তিযোদ্ধা হলেন- আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি নতুন যোগদানকারীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
দলটির মতে, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশারই বহিঃপ্রকাশ।
জ/উ