নারী এমপিদের বরাদ্দে বৈষম্যের অভিযোগ : ডা. মাহমুদা মিতু
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:১৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সরকারি বরাদ্দ বণ্টনে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে ৩৭ জনকে সরকারি বরাদ্দ দেওয়া হলেও রাজনৈতিক ভিন্নমতের কারণে বাকি ১৩ জনকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। তিনি বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে সংকীর্ণ মানসিকতার পরিচয় এবং পুরোনো কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন।
ডা. মিতু বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশায় যে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে, সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেক নারীও আজ বঞ্চনার শিকার হয়েছেন। বঞ্চিতদের মধ্যে একজন বীর শহীদের মাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের নারী সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হলেও রাজনৈতিক বা আদর্শিক ভিন্নতাকে বৈষম্যের কারণ হিসেবে ব্যবহার করা উচিত নয়।
সরকারের সমালোচনা করে ডা. মিতু বলেন, রাষ্ট্র পরিচালনাকারী সরকার নিজেই যদি বৈষম্যের চর্চা করে, তবে সমাজে সহনশীলতা, অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। এ ধরনের পদক্ষেপ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জ/দি