প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১৪ পিএম

চলতি বছরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিশুদের পুষ্টিহীনতা দূর করতে সরকার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “এই বছরের মধ্যে দেশের প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে।” তিনি জানান, সরকারের লক্ষ্য হলো কোনো শিক্ষার্থী যেন পুষ্টিহীনতায় না ভোগে এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়।
তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খাবার, টেবিল বা প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে থাকবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য স্কুলড্রেসসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ৬৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট বিশ্বের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন। এখান থেকেই ভবিষ্যতের আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরি হবে।
তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিশুরা অতিরিক্ত বইয়ের বোঝা নয়, বরং আনন্দ, খেলাধুলা ও সৃজনশীলতার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করতে পারবে এবং আগামী দিনের বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
জ/উ