আইপিএল এখন একটি ‘বড় ব্যবসা’: মুরালিধরন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পিএম

সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন মনে করেন, বর্তমান ক্রিকেটে বোলারদের জন্য সময়টা বেশ কঠিন। তার মতে, এখনকার ওপেনাররা বলের গতি বা লাইন নিয়ে ভাবেন না, বরং শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। আগে যেখানে পাওয়ারপ্লেতে ৪০-৫০ রান ভালো ধরা হতো, এখন সেটাই বেড়ে ৭০-৮০ হয়ে গেছে।

তার এই ভাবনাটা প্রায় পুরোটাই সঠিক। যেমন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটসম্যানদের আধিপত্য স্পষ্ট। নিয়মিত ভাঙছে রেকর্ড, ব্যাটারদের হাতে শীর্ষ বোলাররাও হচ্ছেন নাস্তানাবুদ।

বড় রান তাড়া করাও এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন, এক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের করা ২৪৩ রান সহজেই পেরিয়ে যায় হায়দরাবাদ, এমনকি তাদের হাতে বাকি থাকে ৮ বল ও ৬ উইকেট।

আরও পড়ুন : মাইলফলকের পথে আরও এগোলেন রোনালদো

ব্যাট-বলের ভারসাম্য ফিরিয়ে আনার প্রসঙ্গে মুরালিধরন বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট মূলত বিনোদননির্ভর। দর্শকেরা চার-ছক্কা দেখতে চান, তাই বোলারদের সহায়ক উইকেট তৈরি করলে তা দর্শকদের কাছে আকর্ষণ হারাতে পারে। উপরন্তু, ইমপ্যাক্ট প্লেয়ারের মতো নিয়মও ব্যাটিংকে আরও শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, আইপিএল এখন বড় একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম, যেখানে স্পনসর ও দর্শকসংখ্যা গুরুত্বপূর্ণ। তাই খেলার ধরনে বড় পরিবর্তন আনলে আগ্রহ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

তবে ভবিষ্যতে বোলাররা ধীরে ধীরে মানিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন মুরালিধরন। তার মতে, সময়ের সঙ্গে তারা নতুন কৌশল শিখে নিজেদের উন্নত করবে।

তরুণ ব্যাটসম্যানদের নির্ভীক মানসিকতার কথাও তুলে ধরেন তিনি। উদাহরণ হিসেবে এক তরুণ ব্যাটারের বুমরার বলে ‘নো-লুক’ ছক্কার কথা উল্লেখ করে বলেন, এখনকার ব্যাটাররা বড় বোলারদেরও ভয় পান না; বরং আক্রমণই তাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন : বিব্রতকর রেকর্ডে নয়্যারের নাম

বোলারদের জন্য তার পরামর্শ-নিয়মিত অনুশীলন করে নিখুঁত বোলিং করা ছাড়া উপায় নেই। তবে ভালো বোলিং করলেও অনেক সময় পিচ ও পরিস্থিতির কারণে মার খেতে হতে পারে।

আধুনিক স্পিন বোলিং নিয়েও আক্ষেপ রয়েছে তার। আগে যেখানে বল বেশি ঘোরানো হতো, এখন অনেক স্পিনারই গতি বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেন। তার মতে, ছোটবেলা থেকেই স্পিনের মৌলিক কৌশল শেখানো জরুরি, না হলে ব্যাটারদের জন্য তা সহজ হয়ে যায়।

সবশেষে, নিজের সময়ের সঙ্গে বর্তমান ক্রিকেটের তুলনা করতে গিয়ে তিনি বলেন, আগে এতটা বিধ্বংসী ব্যাটিং দেখা যেত না। এখন এক ইনিংসে ৪০-৫০ রান দেওয়া বোলারদের জন্য স্বাভাবিক, যা আগে খুবই বিরল ছিল। তাই দুটি ভিন্ন যুগের ক্রিকেটকে তুলনা করাই ঠিক নয়। সূত্র: ইএসপিএনক্রিকইনফো

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft