প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৫৪ পিএম

নাম শুনলে অনেকেই ভাবতে পারেন তিনি একজন খাঁটি বাঙালি। বাস্তবেও তার শিকড় ভারতীয় উপমহাদেশে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন স্কটল্যান্ডকে। বলা হচ্ছে নারী ক্রিকেটার প্রিয়ানাজ চট্টোপাধ্যায়ের কথা, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড দলের অন্যতম ভরসার নাম।
সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মূল আসরে জায়গা করে নেয় স্কটল্যান্ড নারী দল। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রিয়ানাজের। বাছাইপর্ব শেষে দল তৃতীয় অবস্থানে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড।
১৯৯৩ সালে স্কটল্যান্ডের ডান্ডিতে জন্ম নেওয়া প্রিয়ানাজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় ২০১৮ সালে। এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগেও।
প্রিয়ানাজের পারিবারিক পরিচয়ও বেশ সমৃদ্ধ। তার বাবা মনোজিৎ চট্টোপাধ্যায় ১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। দিল্লি ও এলাহাবাদে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কেমব্রিজে। পরে শিক্ষকতা করেছেন এসেক্স ও ডান্ডি বিশ্ববিদ্যালয়ে।
জানা যায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কাছেও পড়াশোনা করেছেন তিনি। মনোজিৎ চট্টোপাধ্যায় ও অঞ্জুম রহমতুল্লার মেয়ে প্রিয়ানাজ ছোটবেলা থেকেই পড়াশোনা ও খেলাধুলা, দুই ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
মাত্র ১৫ বছর বয়সেই স্কটল্যান্ডের সিনিয়র দলে অভিষেক হয় তার। ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ায় গিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছেন। পরে স্কটল্যান্ডে ফিরে জ্বালানি খাতের প্রতিষ্ঠান এলিমেন্ট এনার্জিতে স্ট্র্যাটেজি বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন।
ক্লাব ক্রিকেটেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৭ সালে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলেন তিন মৌসুম। এরপর নিউজিল্যান্ডে গিয়ে ওয়েলিংটন ব্লেজের জার্সিতেও মাঠে নামেন। পাশাপাশি স্কটল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি।
জ/ই