অ্যান্টার্কটিকা অভিযানে ইউটিউবার সালাহউদ্দিন সুমন ও নিলয়
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম

পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় সফলভাবে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালাহউদ্দিন সুমন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভ্রমণপ্রেমী নিলয় কুমার বিশ্বাস। এই অভিযাত্রা বাংলাদেশের ভ্রমণ কনটেন্ট জগতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সুমন ও নিলয় তাঁদের যাত্রা শুরু করেন আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে, যা পৃথিবীর দক্ষিণতম শহর হিসেবে পরিচিত। সেখান থেকে তাঁরা ডাচ প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস (Oceanwide Expeditions) পরিচালিত একটি বিশেষ অভিযানে অংশগ্রহণ করে দক্ষিণ মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছান অ্যান্টার্কটিকায়।

অ্যান্টার্কটিক উপদ্বীপ ও মূল ভূখণ্ডের অপরূপ সৌন্দর্য অ্যান্টার্কটিকায় পৌঁছে তাঁরা ঘুরে দেখেছেন অ্যান্টার্কটিক উপদ্বীপের বিভিন্ন দ্বীপ এবং মহাদেশের মূল ভূখণ্ডের কিছু অংশ। বিশাল হিমবাহ, বরফে ঢাকা পর্বতমালা, অনন্ত সাদা প্রান্তর ও নিস্তব্ধ বরফরাজি তাঁদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন : ভরা মৌসুমেও ফাঁকা সাগরকন্যা, হতাশ পর্যটন ব্যবসায়ীরা

এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য যেন পৃথিবীর শেষ প্রান্তের এক বিস্ময়কর রাজ্য। ফকল্যান্ড ও সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জ সফর অ্যান্টার্কটিকায় পৌঁছানোর আগে তাঁদের অভিযাত্রার অংশ হিসেবে তাঁরা সফর করেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং সাউথ জর্জিয়া দ্বীপে। এটি ব্রিটিশ অধিভুক্ত একটি দূরবর্তী অঞ্চল, যা আর্জেন্টিনার নিকটবর্তী। এই অঞ্চলগুলোতে তারা দেখেছেন বিশাল পেঙ্গুইন কলোনি, সিল, নানা প্রজাতির সামুদ্রিক পাখি এবং এমন কিছু উদ্ভিদ ও প্রাণীজগৎ, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।

স্পন্সরদের সহযোগিতা এই ব্যয়বহুল ও দুর্লভ অভিযাত্রায় সহযোগিতায় রয়েছে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। টার্কিশ এয়ারলাইনস (Turkish Airlines) টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, কারণ সুমন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কাজ করছেন। এছাড়া বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডট ইন্টারনেট (Dot Internet) এই অভিযানের প্রধান স্পন্সর হিসেবে পাশে রয়েছে।

সুমন তার পুরো অভিযাত্রা ধারণ করে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। বাংলাভাষায় অ্যান্টার্কটিকার অভিজ্ঞতা তুলে ধরার ক্ষেত্রে এটি বাংলাদেশের দর্শকদের জন্য এক নতুন সুযোগ।

আরও পড়ুন : দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত

অ্যান্টার্কটিকায় পা রাখার অনুভূতি জানিয়ে সুমন বলেন, “অ্যান্টার্কটিকা ভ্রমণ সবসময়ই আমার স্বপ্ন ছিল। পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশকে নিজের ভাষায় দর্শকদের সামনে তুলে ধরতে পারছি-এটা আমার জন্য অনেক বড় আনন্দ। বাংলাদেশ থেকে আগে কেউ এভাবে বাংলায় এটি দেখায়নি।”

নিলয় কুমার বিশ্বাসও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অভিযানের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। পৃথিবীর যেকোনো ভ্রমণপিপাসুর জন্য অ্যান্টার্কটিকা চূড়ান্ত গন্তব্য। ২৭ বছর বয়সে এমন অভিজ্ঞতা অর্জন করা আমার জন্য জীবনের অন্যতম সেরা মুহূর্ত।”

অ্যান্টার্কটিকা ভ্রমণ বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও কঠিন অভিযান হিসেবে পরিচিত। তবে এই সফল যাত্রার মাধ্যমে সালাহউদ্দিন সুমন ও নিলয় কুমার বিশ্বাস বাংলাদেশের ভ্রমণ কনটেন্ট জগতে নতুন দিগন্ত উন্মোচন করলেন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft