কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ভূমি প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, কক্সবাজারকে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার (১৩ জুন) রাতে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিক, দেশি-বিদেশি পর্যটক এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করতে আধুনিক হোটেল, মোটেল ও রিসোর্ট নির্মাণের জন্য বিশেষ অঞ্চল নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ করে ইকো-ট্যুরিজমের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণ পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

এর আগে শুক্রবার বিকেলে কলাতলী সৈকতে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চার মাধ্যমে মাদক ও অন্যান্য সামাজিক সমস্যা থেকে যুবসমাজকে দূরে রাখা সম্ভব।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে আরও পরিচিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

কক্সবাজার সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রীরা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার চলমান কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।

এছাড়া কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সমুদ্রসৈকত এলাকায় হেঁটে পরিদর্শন করে পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সৈকতের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে পর্যটকরা সৈকতের বর্তমান পরিবেশ, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft