প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৫২ পিএম

দুই দিনের সফরে আগামী ১৪ ও ১৫ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সফর সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা নানা প্রস্তুতি গ্রহণ করেছেন। সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ চলছে।
সফর উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী কক্সবাজার সফর করেছেন। তিনি ডুলাহাজারা সাফারি পার্ক, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, ১৪ জুন বেলা ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি পার্ক পরিদর্শন শেষে পেকুয়ার উদ্দেশে রওয়ানা হবেন এবং শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর চকরিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। পথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে পৌঁছে রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।
জ/উ