প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:২১ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় সোমবার তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। খবর রয়টার্সের।
লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৬ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৮২ ডলারে নেমে আসে। একপর্যায়ে এর দাম ৯০ ডলারের নিচেও চলে যায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ২ ডলার বা ৪ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।
গত দুই সপ্তাহের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো হামলা চালায়নি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও কমতে পারে এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছেন।
বাজার বিশ্লেষকদের মতে, সামরিক সংঘাত না বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লেপলারের হিসাবে, সপ্তাহান্তে প্রতিদিন ১০টিরও কম পণ্যবাহী জাহাজ ওই প্রণালি অতিক্রম করেছে।
এদিকে, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।