ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৩২ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধে দুইজন নিহত হয়েছেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এ সময় একাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ও রেলপথ দখল করে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জেলা পুলিশ, র্যা ব, ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশের সদস্যরা দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহতরা হলেন- মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩৭) এবং ফজলু মিয়ার ছেলে হিরণ মিয়া (৩২)। তারা টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষের কারণে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। একই সঙ্গে প্রায় সাত ঘণ্টা ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষ চলাকালে দুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে ভৈরব ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৪৫ বছর ধরে বাসস্ট্যান্ড ও বাজারের নামকরণ নিয়ে বিরোধ চলে আসছে। আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম 'আকবরনগর বাজার' দাবি করলেও মিরারচর গ্রামের বাসিন্দারা 'মিরারচর বাজার' নামে পরিচিতির দাবি করে আসছেন। এ বিরোধে অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত ২৬ জুলাই স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।

আকবরনগর গ্রামের বাসিন্দারা দাবি করেন, বাজারটি আকবরনগর মৌজার মধ্যে অবস্থিত এবং চারদিক থেকেই এটি তাদের গ্রামের অংশ। তাই বাজারটির নাম আকবরনগর বাজার হওয়াই যৌক্তিক।

অন্যদিকে মিরারচর গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকাটি মিরারচর বাসস্ট্যান্ড ও বাজার হিসেবেই পরিচিত। তাই এককভাবে আকবরনগর বাজার নামকরণ তারা মেনে নেবেন না।

কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ চলছিল। কিন্তু সমাধানের সুযোগ না দিয়েই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ভৈরব থানার ওসি লিমন বোস জানান, সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাজমুস সাকিব বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft