প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৫৫ পিএম

কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে আগামী ৩০ জুলাই দেশব্যাপী সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে দেশে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ বিবেচনায় ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
মহেশখালীতে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। গত মঙ্গলবার একটিতে আগুন লাগার পর সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়।
অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, চলমান গ্যাস সংকটের সময় সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সরকারকে সহযোগিতার বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি বহাল থাকবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, “আমরা জনদুর্ভোগ বাড়াতে চাই না। মহেশখালীতে সৃষ্ট সমস্যার কারণে ইতোমধ্যে দেশজুড়ে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের কর্মসূচি যেন নতুন করে সংকট সৃষ্টি না করে, সেটিই বিবেচনায় নিয়েছি।”
স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী বলেন, সিএনজি খাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা বিদ্যমান। এসব বিষয়ে সরকারের কাছে একাধিক দাবি জানানো হলেও এখন পর্যন্ত আশ্বাসের বাইরে কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।
সংগঠনের দাবি, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের মূল্য, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারা এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই বর্তমান কমিশনে ফিলিং স্টেশন পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছে সংগঠনটি।
জ/উ