মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ. ই. ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। আলোচনায় মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও আদর্শ সংরক্ষণ মন্ত্রণালয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার।

আলোচনায় মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের অগ্রগতি তুলে ধরা হয়। মন্ত্রণালয় জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও ডিজিটাল প্রোফাইলিংয়ের মাধ্যমে নির্ভুল ও গ্রহণযোগ্য ডাটাবেজ চূড়ান্ত করার কাজ চলছে।

আরও পড়ুন : ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে বদলি

বৈঠকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’-এর আওতায় ৮৪৩ জন শহীদ এবং ১৫ হাজার ৩০ জন আহত যোদ্ধার তথ্যভিত্তিক ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। শহীদ পরিবারকে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা অনুদান ও মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের জন্য ক্যাটাগরি ‘এ’, ‘বি’ ও ‘সি’ অনুযায়ী যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা এককালীন সহায়তা এবং নিয়ম অনুযায়ী মাসিক ভাতা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া গুরুতর আহত ১৫৪ জনকে সরকারি খরচে থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ৪৪৮ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম, বিশেষ করে আইসিটির মাধ্যমে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উদ্যোগের প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ইতিহাস সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস সংরক্ষণ ও তথ্যভান্ডার তৈরিতে প্রযুক্তিগত সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।

আরও পড়ুন : কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) পদে উম্মে মারুফা

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এবং যুগ্মসচিব (সংযুক্ত) মো. জেহাদ উদ্দিন উপস্থিত ছিলেন। মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন নোট টেকার জোশ পোপ, প্রেস অ্যান্ড মিডিয়া অফিসার রিকি সালমিনা এবং প্রোটোকল অ্যাসিস্ট্যান্ট সাদ বিন এলাহী।

বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক ঘটনাপ্রবাহভিত্তিক গ্রন্থ ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: দ্য লাইফ অ্যান্ড স্টোরি’ সহ কয়েকটি স্মারকগ্রন্থ ও উপহারসামগ্রী তুলে দেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft