প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) অবকাঠামোসহ সব মিলিয়ে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে। এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই বিনিয়োগ সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সিইআইজেডে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি জানান, বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামোসহ সামগ্রিক বিনিয়োগের পরিমাণ শেষ পর্যন্ত এক বিলিয়ন ডলার অতিক্রম করবে।
আমির খসরু বলেন, এ অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখানে শক্তিশালী সরবরাহ (সাপ্লাই) চেইন, বিভিন্ন সেবাখাত এবং কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পকারখানার পাশাপাশি আবাসন, পরিবহন, লজিস্টিকস, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং শিল্পায়নের ভিত্তি আরও শক্তিশালী হবে।
জ/উ