প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম

বিএনপি ঐক্যে বিশ্বাস করে এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, সেই চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপি টানা ১৬ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন এবং ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না এবং গণতন্ত্র বিনষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, সংসদের ভেতর ও বাইরে ভিন্নধর্মী রাজনৈতিক অবস্থান গ্রহণের নীতি পরিহার করা উচিত। একই সঙ্গে অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা সম্পর্কে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান।
আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।
জ/উ