প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সৃষ্ট সাময়িক সংকট আগামী সপ্তাহের মধ্যেই কাটিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় যন্ত্রাংশ জরুরি ভিত্তিতে আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। আমদানিকৃত যন্ত্রাংশ দ্রুত খালাস ও স্থাপনের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, শিল্পখাতে গ্যাসের চাহিদা পূরণ ও ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।
এ সময় তিনি বলেন, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জ/শা