প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম

দেশের সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ টন খাদ্যশস্য মজুত রয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই মজুত যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক বাজারের অস্থিরতা মোকাবিলায় দেশের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গত এক সপ্তাহে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্ধারিত নিরাপদ খাদ্য মজুতের মানদণ্ড ১৩ লাখ ৫০ হাজার টনের বিপরীতে বর্তমানে সরকারি গুদামে প্রায় ১০ লাখ ৪৬ হাজার ৭৫৩ টন অতিরিক্ত খাদ্যশস্য সংরক্ষিত রয়েছে। গত ৩ মে শুরু হওয়া অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান সফলভাবে বাস্তবায়নের ফলেই এ রেকর্ড মজুত সম্ভব হয়েছে। ২৬ জুলাই পর্যন্ত মোট ৪ লাখ ৭৩ হাজার ৫ টন ধান এবং ১০ লাখ ৭৮ হাজার ৮৩৬ টন চাল সংগ্রহ করা হয়েছে। এই সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের ৮৬টি দেশের মধ্যে বাংলাদেশ সেই ১৭টি দেশের একটি, যাদের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় থাকায় তৈরি পোশাকসহ রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়।
এ ছাড়া, আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জ/উ