‘মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, পদত্যাগের দাবি অবান্তর’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম

নিট পরীক্ষা বিতর্ক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবস্থান নিয়েছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তার পদত্যাগের দাবি সম্পূর্ণ অবান্তর।

সংসদ ভবন চত্বরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে কঙ্গনা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

কঙ্গনা বলেন, বিক্ষোভ কর্মসূচির স্থান নির্ধারিত থাকলেও প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আন্দোলনকারীদের নিয়ে যাওয়ার চেষ্টা প্রশ্নের জন্ম দেয়। এমন পদক্ষেপকে তিনি উসকানিমূলক বলেও উল্লেখ করেন। নিট ইস্যুতে সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করার কোনো যৌক্তিকতা নেই।

এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইও বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের মতো উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকায় এ ধরনের বিক্ষোভ গণতান্ত্রিক শালীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার ইতোমধ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রধানমন্ত্রীও বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার নিট পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রে ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পরে দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং সাময়িকভাবে আটক করে। সূত্র: হিন্দুস্তান টাইমস

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft