প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম

ঢাকার ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ প্রক্রিয়ায় জেলার পাঁচ উপজেলার ইউনিয়ন পরিষদে কর্মরত সচিবদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানমের উপস্থিতিতে লটারির আয়োজন করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকা জেলার পাঁচ উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে সচিবের অনুমোদিত পদ রয়েছে ৬২টি। বর্তমানে ৫৭ জন সচিব কর্মরত থাকলেও পাঁচটি পদ শূন্য রয়েছে। কর্মরত ৫৭ জনের মধ্যে ৫২ জন বদলি কার্যক্রমে অংশ নেন।
এর মধ্যে ৪৫ জন নিজ নিজ উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য লটারিতে অংশগ্রহণ করেন। এছাড়া আবেদন ও যৌক্তিক কারণ বিবেচনায় সাতজনকে অন্য উপজেলায় পদায়নের সুযোগ দেওয়া হয়। তাদের নতুন কর্মস্থলও লটারির মাধ্যমেই নির্ধারণ করা হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, কর্মরত পাঁচজনের মধ্যে চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদের বদলি কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। অপর একজনকে প্রশাসনিক কারণে এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়নি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বদলি কার্যক্রমে তদবির বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ রোধে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে। বদলিকৃত সচিবদের আগামী ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের সব কার্যক্রম নিয়ম ও নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিবদের বদলিতেও কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব বা সুপারিশের সুযোগ রাখা হয়নি।
তিনি আরও বলেন, লটারিভিত্তিক পদায়নের মাধ্যমে সবাই সমান সুযোগ পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ প্রশাসনের প্রতি জনআস্থা বাড়ানোর পাশাপাশি দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে সহায়ক হবে।
জ/উ