
দীর্ঘদিন পর নিজের মৌলিক গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্ আয়না’।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিফ বলেন, গত কয়েক বছর চলচ্চিত্রের গান, কনসার্ট ও রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকায় নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ হয়নি। তবে এই সময়জুড়ে তিনি নিয়মিত নতুন গান লিখেছেন এবং সুর করেছেন।
তিনি বলেন, ‘অনেক দিন ধরেই নিজের পছন্দের গানগুলো প্রকাশ করার ইচ্ছা ছিল। এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’
আতিফ জানান, প্রায় আট বছর ধরে প্রস্তুত করা ‘সুবাহ্ আয়না’ অ্যালবামে মোট আটটি গান রয়েছে। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন তিনি।
তবে আসন্ন ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন না বলেও স্পষ্ট করেন এই গায়ক। তার ভাষায়, ‘অ্যালবাম প্রকাশের আগে নতুন গান গাইব না। অ্যালবাম প্রকাশের পর আবার ফিরব, ইনশাআল্লাহ।’
বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসার কথা জানিয়ে আতিফ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাস তাকে সবসময় মুগ্ধ করে। বিশেষ করে তার জনপ্রিয় গান ‘আদাত’ হাজারো দর্শক একসঙ্গে গেয়ে ওঠার মুহূর্তকে তিনি স্মরণীয় বলে উল্লেখ করেন।
বাংলাদেশি খাবারেরও প্রশংসা করেন এই শিল্পী। তিনি জানান, খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। পাশাপাশি কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসা করে তাকে ‘লেজেন্ড’ আখ্যা দেন এবং ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছার কথাও জানান আতিফ। তবে ভাষাটির উচ্চারণ পুরোপুরি আয়ত্ত করার আগে বাংলা গান গাইতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে অংশ নেবেন তিনি।
জ/উ