এনসিপি থেকে অভিযুক্ত ধর্ষক আফতাবকে বহিস্কার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ২৩.০৭.২০২৬ ৭:৩৬ পিএম

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর থেকে পাঠানো এক সাংগঠনিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগে দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী আফতাব মজুমদারকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত  ২৩ জুলাই থেকেই কার্যকর হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারের ফলে আফতাব মজুমদারের সঙ্গে এনসিপির কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সম্পর্ক থাকবে না। এর আগে, গতকাল বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে গত ১৪ জুলাই চান্দগাঁও এলাকার একটি আবাসিক হোটেলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিয়ের বিষয়ে চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। এ ঘটনায় গত ১৯ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft