প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা মোদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে দেশজুড়ে ফাস্ট-ট্র্যাক (দ্রুত বিচার) আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে এনডিএর এক বৈঠকে প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ আখ্যা দিয়ে এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী।

এ ঘোষণা এমন সময়ে এলো, যখন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ ইস্যুতে বিরোধী দলগুলো এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে।

বিরোধীরা জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সংসদীয় আলোচনায় অংশ নেবে না। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সংসদে আলোচনার আগ্রহের কথা জানানো হয়েছে।

এদিকে, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেন, গত এক দশকে ভারতে অন্তত ১৫০টির বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো ক্ষেত্রেই দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি।

বিশ্লেষকদের মতে, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলার নিষ্পত্তি দ্রুত হতে পারে এবং দায়ীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। সূত্র: এনডিটিভি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft