বিজয়ের শেষ ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ উপস্থিত থাকছেন তৃষা কৃষ্ণন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম

তামিল তারকা বিজয়ের বহুল প্রতীক্ষিত ও ঘোষিত শেষ সিনেমা ‘জন নায়কন’ মুক্তিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। জানা গেছে, ছবিটির প্রথম দিনের প্রথম শো (এফডিএফএস) দেখতে চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার প্রদর্শনীতে তৃষার উপস্থিত থাকার কথা রয়েছে। বিজয়ের বিদায়ী সিনেমার প্রথম শোতে তার অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

বিজয় ও তৃষার জুটি প্রথম দর্শকদের সামনে আসে ২০০৪ সালের সুপারহিট চলচ্চিত্র ‘গিলি’-তে। পরে ‘তিরুপাচি’, ‘আদি’ ও ‘কুরুভি’সহ একাধিক সফল সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘লিও’ সিনেমায় আবারও এই জুটিকে দেখা যায়। এছাড়া বিজয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘গোট’ সিনেমাতেও বিশেষ উপস্থিতি ছিল তৃষার।

এদিকে, বিশ্বের ৩০টির বেশি দেশে প্রায় ৭ থেকে ৮ হাজার পর্দায় একযোগে মুক্তি পাচ্ছে ‘জন নায়কন’। তামিলনাড়ুসহ ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছে সিনেমাটি।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন করে রি-সার্টিফাইড হওয়া ছবিটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩ মিনিট ৫২ সেকেন্ড। এছাড়া বিজয়ের রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে এবার তার পরিচিত ‘থালাপতি বিজয়’ টাইটেলের পরিবর্তে ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়’ লেখা থাকছে বলেও জানা গেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হওয়ায় ‘জন নায়কন’ বক্স অফিসে বড় সাফল্য অর্জন করতে পারে। এটি তার আগের ব্লকবাস্টার ‘লিও’ ও ‘গোট’-এর আয়ের রেকর্ড ছাড়াতে পারে কি না, তা নিয়েও চলছে আলোচনা। সূত্র: এনডিটিভি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft