প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:০৮ এএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ও বলিউড-দুই ইন্ডাস্ট্রিতেই দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেত্রী কাজল আগরওয়ালের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দুই ইন্ডাস্ট্রির কর্মপরিবেশের পার্থক্য তুলে ধরে দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের সময়ানুবর্তিতা ও পেশাদারত্বের প্রশংসা করেছেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেন, দক্ষিণের চলচ্চিত্রে নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করা হয়। ভোর ৬টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলে ঠিক সেই সময়ই কাজ শুরু হয় এবং দুপুরের বিরতিও নির্দিষ্ট সময়েই দেওয়া হয়। এই শৃঙ্খলাবদ্ধ পরিবেশের সঙ্গে তিনি নিজেকে অভ্যস্ত করে তুলেছেন।
অন্যদিকে বলিউডে কাজের সময়সূচি সব সময় একইভাবে অনুসরণ করা হয় না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, একবার শুটিং সেটে অভিনেতা সালমান খানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। সেই সময়টুকু তিনি সেটের জিমে শরীরচর্চা করে কাজে লাগিয়েছিলেন। বিষয়টি স্মরণ করে কাজল হাস্যরসের সঙ্গেই বলেন, অপেক্ষা করতে হলেও অন্তত শরীরচর্চার সুযোগ পেয়েছিলেন।
কাজল আরও বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি কাজের সংখ্যার চেয়ে চরিত্রের গুরুত্বকে বেশি প্রাধান্য দিয়েছেন। দক্ষিণী চলচ্চিত্রে তিনি যেসব শক্তিশালী ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন, সে সময় বলিউডে তেমন সুযোগ তুলনামূলক কম ছিল। তাই শুধুমাত্র উপস্থিতি জানান দেওয়ার জন্য ছোট চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন না।
আগামী দিনে কাজল আগরওয়ালকে ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ এবং নীতিশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত **‘রামায়ণ’** চলচ্চিত্রে ‘মন্দোদরী’ চরিত্রে দেখা যাবে। সূত্র: এনডিটিভি
জ/উ