প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:১৫ এএম

চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং তা মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করেন, মোদি সরকার বিক্ষোভকারী শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে বিবেচনা করছে।
শুক্রবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-তে প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধী বলেন, শিক্ষার্থীরা জবাবদিহিতা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে। কিন্তু সরকার তাদের দাবি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং জাতির শত্রু হিসেবে দেখা হয়েছে। তাদের সাহসিকতার জবাবে সরকার কঠোরতা ও অপ্রয়োজনীয় বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোনিয়া গান্ধী দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ পুলিশ সদস্যদের মাধ্যমে শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনাও নতুন নয়। তিনি ২০২০ সালের সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের আন্দোলনের সময়ের ঘটনাগুলোরও উল্লেখ করেন।
কংগ্রেস নেত্রী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন জোরদার হয়েছে।
তিনি ২০ জুলাইয়ের ঘটনাকে ‘কলঙ্কজনক’ উল্লেখ করে বলেন, ওই দিন দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
সোনিয়া গান্ধী আরও বলেন, সেদিনের ভিডিওচিত্র দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা রাষ্ট্রের নৈতিক, রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, এ বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
জ/উ