প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম

অ্যাপল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর দাম উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে বলে দাবি করেছেন প্রযুক্তিবিষয়ক টিপস্টার ‘স্মার্ট পিকাচু’। তার তথ্য অনুযায়ী, নতুন ডিভাইসটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে দামি নন-ফোল্ডিং আইফোন হতে পারে।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রাথমিক মূল্য হতে পারে ১১ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৫৬ হাজার ৭০০ রুপি)। এটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের তুলনায় প্রায় ১ হাজার ইউয়ান বেশি। নতুন হার্ডওয়্যার ও মেমোরির বাড়তি ব্যয়কে সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনে ব্যবহৃত হবে এ২০ প্রো (A20 Pro) চিপ, যা টিএসএমসি (TSMC)-র অত্যাধুনিক ২ ন্যানোমিটার (2nm) প্রযুক্তিতে তৈরি হবে। জানা গেছে, ২ এনএম প্রযুক্তির প্রতিটি ওয়েফারের উৎপাদন খরচ প্রায় ৩০ হাজার মার্কিন ডলার, যা ৩ এনএম প্রযুক্তির তুলনায় ৫০ থেকে ৬৬ শতাংশ বেশি। ফলে চিপ উৎপাদনের ব্যয়ও ২০ শতাংশের বেশি বাড়তে পারে।
এ ছাড়া বিশ্ববাজারে মেমোরি চিপের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মেমোরির মূল্য ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এতে একটি স্মার্টফোন তৈরির মোট উপকরণ ব্যয়ের বড় অংশই এখন মেমোরির পেছনে ব্যয় হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চলতি বছর বিভিন্ন ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। অ্যাপল আইফোন ১৭ সিরিজের দাম অপরিবর্তিত রাখলেও, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে আইফোন ১৮ সিরিজে মূল্য সমন্বয় করা হতে পারে।
এদিকে, একই সিরিজের সঙ্গে অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইফোনও উন্মোচন করতে পারে বলে প্রযুক্তি মহলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
জ/উ