‘ব্যর্থতা মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’-শিক্ষার্থীদের বার্তা শচীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৩৩ এএম

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের উদ্দেশে সততা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। কখনো শর্টকাটের পথ বেছে নেবে না।”

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শচীন এসব কথা বলেন।

তিনি জানান, তার বাবা একজন অধ্যাপক ছিলেন এবং ছোটবেলা থেকেই তাকে সততা ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার কথা স্মরণ করে শচীন বলেন, জীবনে ব্যর্থতা আসতে পারে, কিন্তু প্রতারণার কোনো স্থান নেই।

সমাজের প্রাপ্তবয়স্কদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে ফলাফলের চেয়ে পরিশ্রমকে বেশি মূল্য দেওয়া হবে। কারণ, শুধু ফলাফলকে গুরুত্ব দিলে মেধার পরিবর্তে শর্টকাটের প্রবণতা তৈরি হয়।

শচীন বলেন, শিক্ষার্থীরা যখন অনুভব করে যে তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তখন তাদের হতাশ হওয়া স্বাভাবিক। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, ভারতের তরুণ সমাজ স্বপ্ন ও সম্ভাবনায় ভরপুর। তাদের উৎসাহ ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখা অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব।

বার্তার শেষাংশে শচীন বলেন, এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে কঠোর পরিশ্রমের মূল্যায়ন হবে, সততাকে উৎসাহ দেওয়া হবে এবং মেধাই বিজয়ী হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন সমাধান খুঁজে পাওয়া সম্ভব, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft