মোদির ঘোষণার জবাবে রাহুল: তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন আপনিই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম

ভারতের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে চলমান রাজনৈতিক বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সরকারের অঙ্গীকারের জবাবে তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বর্তমান সরকারের আমলেই।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, এ ধরনের অপরাধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, যুবসমাজের ভবিষ্যৎ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এর কিছুক্ষণ পরই একই মাধ্যমে প্রতিক্রিয়া জানান রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘আপনিই আমাদের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের সুযোগ দিয়েছেন এবং দায়ীদেরও সুরক্ষা দিয়েছেন।’

রাহুল আরও দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবিগুলো এখনো অমীমাংসিত। তার ভাষায়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই এখন সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত।

এর আগে রাহুল অভিযোগ করেছিলেন, গত এক দশকে ভারতে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো মামলায় দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি।

এদিকে, ২০২৬ সালের ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বাড়ছে। বিরোধী দলগুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠনও এ ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করছে। সূত্র: ভারতীয় গণমাধ্যম

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft