আগামীকাল মুক্তি পাচ্ছে বিজয়ের ‘জন নয়াগণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’ আগামীকাল (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকে নিজের শেষ সিনেমা হিসেবে ঘোষণা দেওয়ায় ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। চলচ্চিত্রবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেই ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি আয় করেছে ‘জন নয়াগণ’। তামিল চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড এটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় আগে বুকিংয়ের গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গত ১৯ জুলাই টিকিট বিক্রি শুরু হলেও শেষ মুহূর্তে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বৃদ্ধি পায়। অগ্রিম বুকিংয়ের বড় অংশই এসেছে সিনেমাটির তামিল সংস্করণ থেকে।

রাজ্যভিত্তিক পরিসংখ্যানে অগ্রিম বুকিংয়ে সবচেয়ে এগিয়ে তামিলনাড়ু, যেখানে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি মূল্যের টিকিট বিক্রি হয়েছে। এরপর রয়েছে কর্ণাটক, সেখান থেকে এসেছে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি। এরই মধ্যে সিনেমাটি বিজয়ের আগের দুটি আলোচিত ছবি ‘লিও’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ভারতে ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে ‘জন নয়াগণ’। শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়লে সেই অঙ্ক প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী উদ্বোধনী দিনের আয়ের দিক থেকেও নতুন নজির গড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এইচ. ভিনোথ পরিচালিত সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী। বিজয়ের ঘোষিত বিদায়ী সিনেমা হওয়ায় ‘জন নয়াগণ’ নিয়ে দর্শক ও অনুরাগীদের প্রত্যাশা অনেক বেশি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft