প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম

নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। সামাজিকমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর একদিকে যেমন তার নতুন লুকের প্রশংসা করছেন ভক্তরা, অন্যদিকে ব্যক্তিজীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা। সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে, প্রকৃতির সবুজ পরিবেশে খোলা চুল ও হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ধরা দেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘Becoming a better version of myself, one smile at a time’-অর্থাৎ, প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছেন।
ছবি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য জমা পড়ে। অনেকেই তার স্বাভাবিক সৌন্দর্য, নতুন লুক এবং প্রাণবন্ত উপস্থিতির প্রশংসা করেছেন।
তবে ছবির পাশাপাশি আলোচনায় এসেছে অভিনেত্রীর ব্যক্তিজীবনও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্টোরিকে ঘিরে তার বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে আলোচনা রয়েছে, পারিবারিকভাবে অনেক আগেই তার বাগদান সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে পূজা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
এর আগে এক পডকাস্টে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি বিবাহিত নন। তবে পারিবারিকভাবে একসময় তার বাগদান হয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবার জানাশোনার মধ্য দিয়েই করবেন।
এদিকে নতুন ছবি প্রকাশের পর বাগদানের গুঞ্জন আরও জোরালো হলেও বিষয়টি নিয়ে এখনো নীরব রয়েছেন এই অভিনেত্রী। ফলে এ নিয়ে ভক্তদের কৌতূহলও রয়ে গেছে।
জ/উ