প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় রাশিয়ার আট নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন রুশ নারী নাগরিক রয়েছেন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাটোর থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আফরোজের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালক-হেলপারসহ উভয় যানবাহনের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রাশিয়ার আট নাগরিক রয়েছেন, যাদের মধ্যে চারজন নারী। স্থানীয়দের সহায়তায় গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠান।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে ফায়ার ফাইটার হেলাল ও বকুল হোসেনসহ অন্যান্য সদস্য উদ্ধারকাজে অংশ নেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে রাত ১১টার দিকে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আহতদের খোঁজখবর নিতে রাতেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্ধার তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।